Advertisement

Wednesday, March 23, 2016

3:58 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড। আজ রাতে তারা পাকিস্তানকে হারিয়েছে ২২ রানের ব্যাবধানে। অর্থাৎ সুপার টেনে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোই জিতলো তারা।

মার্টিন গাপটিলের ৮০ রানে ভর করে পাকিস্তানকে মোহালিতে ১৮১ রানের বড় লক্ষ্য দিয়েছিলো নিউজিল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংসের দম ফুরিয়ে যায় ২২ রান পিছনে থাকতেই। ম্যাচসেরার পুরস্কার উঠে গাপটিলের হাতে।

গাপটিল ছাড়াও ব্যাট হাতে কিউইদের হয়ে দারুণ মারমুখী ছিলেন রস টেলর। তিনি ২৩ বলে ৩৬ রানের একটি ইনিংস খেলেন। তার এই ইনিংস এক সময় ২০০ রানের স্বপ্নও দেখাচ্ছিলো কিউইদের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
ম্যাচের প্রথম ১০ ওভারে কিউইরা তোলে ৮১ রান। শেষ ১০ ওভারে পাকিস্তানি বোলারদের উপর আরো নির্মমভাবে চড়াও হয় তারা। তুলে নেয় ৯৯ রান। পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। যদিও খেলাটা ক্রিকেট এবং ফরম্যাটটি টি-টোয়েন্টি বলে আগে থেকেই চূড়ান্ত কিছু বলে দেয়া মুশকিল। দুই ওভারের ঝড়েই টি-টোয়েন্টিতে বদলে যায় ম্যাচের রঙ।
সেই রঙটা অবশ্য বদলাতে পারেনি পাকিস্তান। বড় লক্ষ্যের পিছনে ছুটতে শুরুটা দারুণ করে তারা। ৫.৩ ওভারের ওপেনিং জুটিতেই ৬৫ রান তুলে ফেলেন শারজিল ও শেহজাদ। এরপর ক্রমেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা।
ওপেনারদের পর ২৬ বলে ২৪ করে উমর আকমল এবং ৯ বলে ১৯ রান করে আফ্রিদি চেষ্টা করেছিলেন দলকে ম্যাচে ফেরাতে। কিন্তু তারা যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ টিকে থাকতে পারেননি। ফলে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নটা পড়ে গেলো আরো অন্ধকারে।

0 comments:

Post a Comment