মোহালিতে গতকাল পাকিস্তানকে ২২ রানে পরাজিত করে প্রথম দল হিসেবে টোয়েন্টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা কিউইদের নিয়ে তাই স্বপ্ন দেখতে শুরু করেছে পুরো দেশ।
দেশটির গণমাধ্যমের দাবী যে, দলটিকে নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বেশিরভাগ বিশেষজ্ঞই নেতিবাচক মন্তব্য করেছেন তাদের ধারণাকে পাল্টে দিয়ে নিউজিল্যান্ডই এখন টি-২০ বিশ্বকাপের ফেবারিট দল।
পাকিস্তানের আগে ভারত ও অস্ট্রেলিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড তাদের সামর্থ্যরে পরিচয় দেয়। কিন্তু টুর্নামেন্টের আগে এই ফলাফলকে অঘটন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার ক্রিকেট লেখক এন্ড্রু এলডারসন বলেছেন, বিশ্ব টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে অনেকটাই এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন গত সপ্তাহে ভারতের সমালোচনা করে বলেছিলেন এবারের টুর্নামেন্টে এত কম দলের অংশগ্রহণ কোনভাবেই মেনে নেয়া যায় না। নাগপুরে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে পরাজিত হয়ে ব্যপক সমালোচনার মুখে পড়ে ভারত। ওই ম্যাচটিতে কিউইদের প্রশংসার পাশাপাশি ভারতের পারফরমেন্স নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়ের পরে কিউইদের নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে অনেকেই। স্পিনারদের নিয়ে ভারতের বিপক্ষে জয়ের পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ব্যাটিং প্রশংসিত হয়। যা কালকের ম্যাচেও অব্যাহত ছিল। এবারের দলটিই প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা উপহার দেয়ার জন্য সেরা দল হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হচ্ছে।
কিউই গণমাধ্যমগুলো এই সংক্রান্ত খবরে মুখর রয়েছে। বিশেষ করে গণমাধ্যমগুলোতে অধিনায়ক কেন উইলিয়মাসনের সামনে থেকে নেতৃত্ব দেয়ার বিষয়টি দারুণভাবে আলোচিত হচ্ছে। এর আগে শুধুমাত্র ২০০৭ সালের প্রথম আসরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড।

0 comments:
Post a Comment